বড়াইগ্রামে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

আদিবাসী ঐতিহ্য ও তরুণ প্রতিভাদের মঞ্চে তুলে ধরল উপজেলা প্রশাসন

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে স্থানীয় শিল্পী ও আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার (৬ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার পাঙ্গিয়ার দিঘীর ইকো পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে নাচ, গান, আবৃত্তি ও আদিবাসী ঐতিহ্যবাহী নৃত্য দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের আয়োজন করে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন। স্থানীয় সংস্কৃতির বিকাশ, তরুণ শিল্পীদের প্রতিভা প্রকাশ এবং আদিবাসী ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, “স্থানীয় সংস্কৃতির বিকাশের জন্য প্রশাসন সবসময় পাশে থাকবে। তরুণ ও উদীয়মান শিল্পীদের এই মঞ্চে নিজেদের প্রকাশের সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব।”

সচেতন মহল মনে করছে, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের পরিকল্পনা ও তত্ত্বাবধানেই বড় পরিসরে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে আদিবাসী নৃত্য ও সঙ্গীত পরিবেশনা স্থানীয় ঐতিহ্যের নতুন মাত্রা যোগ করেছে বলে অনেকেই মন্তব্য করেছেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সারওয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমদাদুল হক, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, খাদ্য নিয়ন্ত্রক মো. ডালিম কাজী, সমবায় কর্মকর্তা মো. আমজাদ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, এবং স্থানীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় শিল্পীরা আরও উৎসাহিত হন এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা আরও সম্প্রসারিত হয়।