
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর নৌবন্দর প্রায় অর্ধশতাব্দী পর পুনরায় চালু হতে যাচ্ছে। সরকারি উদ্যোগে গেজেট প্রকাশিত হওয়ায় শিগগিরই বন্দরটি বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রস্তুত হবে।
নৌবন্দরটি চালু হলে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বৃদ্ধি পাবে, পরিবহন খরচ কমবে এবং হাজারো মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষও দ্রুত নৌপথে ভারতের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
ঐতিহাসিকভাবে বসন্তপুর নৌবন্দর ব্রিটিশ শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবহরের জন্য নোঙরস্থল ছিল। স্বাধীনতা পূর্বে এটি আন্তর্জাতিক নৌবন্দর হিসেবে পরিচিত ছিল, যেখানে কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম চলত। তবে ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায়।
কালিগঞ্জের মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন, “বন্দরটি চালু হলে আমদানি-রপ্তানি সুবিধা বাড়বে, পণ্য পরিবহন খরচ কমবে এবং অর্থনৈতিক উন্নয়নসহ কর্মসংস্থানের সুযোগ বাড়বে।”
সাতক্ষীরার প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, বসন্তপুর নৌবন্দর পুনঃচালু হলে ভোমরা বন্দরের উপর চাপ কমবে, চোরাচালান রোধ হবে এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে।
