রামগঞ্জে অপরাধ বেড়ে যাওয়ায় শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে সাম্প্রতিক সময়ে হত্যা, মাদক ও ডাকাতিসহ অপরাধ বেড়ে যাওয়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের মাসিমপুর বাংলাবাজার এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্ডিপুর ইউনিয়নটি রামগঞ্জ, রায়পুর ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় সম্প্রতি অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। এ অবস্থায় উদ্বিগ্ন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পর্তুগাল প্রবাসী মহিউদ্দিন জহির এই শান্তি সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে বক্তারা বলেন, এটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এককভাবে পুলিশ বা জনপ্রতিনিধিদের পক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য স্থানীয় মানুষের সহযোগিতা প্রয়োজন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিলুল হক। তিনি বলেন, ‘মাদক হচ্ছে সব অপরাধের মা। অপরাধ দমনে সবাইকে সচেতন হতে হবে। বাসা-বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করলে অপরাধ অনেকটা কমে আসবে।’

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।