
অর্ধশতাধিক কর্মী অন্তর্ভুক্ত, প্রিমিয়ামের অংশ দেবে পৌরসভা
নাজমুল হোসেন : পরিচ্ছন্নতাকর্মীদের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে জীবনবীমা কার্যক্রম চালু করেছে লক্ষ্মীপুর পৌরসভা। ১৫ বছর মেয়াদি এক লাখ টাকার এই বীমা প্রকল্পের প্রথম কিস্তি ইতিমধ্যে পরিশোধ করেছে পৌর কর্তৃপক্ষ।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পৌরসভার উদ্যোগে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রিমিয়াম হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন, খান মোহাম্মদ ফারাবী, জুলফিকার হোসেন, শাহাদাত হোসেন ও মোজাম্মেল হোসেন কামরুলসহ অন্যান্য কর্মকর্তা।
পৌরসভা সূত্রে জানা গেছে, বীমার মোট প্রিমিয়ামের একটি অংশ বহন করবে পৌরসভা এবং বাকি অংশ পরিশোধ করবেন সংশ্লিষ্ট কর্মীরা। এর মাধ্যমে ধীরে ধীরে একটি সঞ্চয় তহবিল গড়ে উঠবে, যা ভবিষ্যতে কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।
পরিচ্ছন্নতাকর্মীরা জানান, স্বল্প বেতন ও অনিশ্চিত ভবিষ্যতের কারণে তারা দীর্ঘদিন ধরে আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। নতুন এই উদ্যোগ তাদের জন্য আশার আলো হয়ে এসেছে। তারা বলেন, এই বীমার সুবিধা ভবিষ্যতে তাদের পরিবারও ভোগ করতে পারবে।
পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নগরের বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হলেও তারা ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত। তাদের বেতন কম এবং চাকরি শেষে কোনো সঞ্চয় থাকে না। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই জীবনবীমা কার্যক্রম চালু করা হয়েছে।
তিনি আরও জানান, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে।
