রংপুরে বিনামূল্যে চক্ষু শিবির: ৭০ জনের চোখে ফিরে এল আলো

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

আলামীন, রংপুর : রংপুরের এক সকালে অন্ধকার ভেদ করে আলো ফিরে পেলেন বহু মানুষ। রংপুর চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত বিনামূল্যের চক্ষু শিবিরে ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন ৭০ জন নারী-পুরুষ।

সোমবার নগরের আর.কে. রোডে অবস্থিত রংপুর চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই শিবির। 

মানবিক সাহায্য সংস্থার সহযোগিতায় আয়োজিত শিবিরে শতাধিক দরিদ্র রোগীর চোখের পরীক্ষা, ছানি অপারেশন, লেন্স প্রতিস্থাপন, চশমা প্রদান, ওষুধ বিতরণসহ যাতায়াত ও থাকা-খাওয়ার পুরো ব্যবস্থাই ছিল সম্পূর্ণ বিনামূল্যে।

চিকিৎসক দলের সদস্যরা জানান, মোট ৭০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়, যার মধ্যে অধিকাংশেরই অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

৬২ বছর বয়সী সালেহা বেগম বলেন, “দুই বছর ধরে চোখে ঝাপসা দেখতাম। টাকার অভাবে চিকিৎসা নিতে পারিনি। এখন অপারেশনের পর পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি।” 

তাঁর চোখে তখন আনন্দের অশ্রু, মুখে কৃতজ্ঞতার হাসি।

রংপুর চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. দুলাল চন্দ্র বর্মণ বলেন, “আমাদের সমাজে এখনো অনেকে আছেন, যারা অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। এই ধরনের উদ্যোগ তাদের জীবনে নতুন আলো এনে দেয়।”

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বুলবুল আহমেদ বলেন, “প্রতিবছর আমরা এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করি। সমাজের পিছিয়ে পড়া মানুষদের চোখের আলো ফিরিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”

চোখে আলো ফিরে পাওয়া ৭০ জন মানুষের হাসি যেন বলে দেয়—মানবিকতার আলো এখনো সমাজে জ্বলছে।