
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। এর প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা বাড়তে পারে।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামীকাল শনিবার চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।
মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকতে পারে। ওই সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের গতিপথ ও শক্তি এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে। এটি ঘনীভূত হলে সমুদ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
