সম্ভাবনাময় নোয়াখালীকে বিভাগ না করা রাজনৈতিক অদূরদর্শীতা: জহিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীকে বিভাগে উন্নীত না করা রাজনৈতিক অদূরদর্শীতা বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিভাগ আন্দোলনের সমন্বয়ক ও গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম।

বুধবার (১৫ অক্টোবর) রাতে চাটখিল সাংবাদিক ফোরামের আয়োজনে নোয়াখালী বিভাগ আন্দোলন সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জহিরুল ইসলাম বলেন, ‘নোয়াখালী জেলা ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে এখানে নতুন নতুন চর জেগে উঠছে, যা নতুন এক অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এখানে সমুদ্র অর্থনীতি ও বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলার বিরাট সুযোগ রয়েছে। এমন সম্ভাবনাময় জেলাকে বিভাগে রূপান্তর না করা রাজনৈতিক দূরদর্শিতার অভাবের পরিচায়ক।’

তিনি আরও বলেন, নোয়াখালী বিভাগ শুধু একটি দাবি নয়, বরং বৃহত্তর নোয়াখালীর প্রায় দেড় কোটি মানুষের অধিকার। তিনি অবিলম্বে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার আহ্বান জানান এবং দাবি আদায়ে কঠোর আন্দোলনের ইঙ্গিত দেন।

জহিরুল ইসলাম বলেন, ‘নোয়াখালীর ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এখান দিয়ে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াতের রুট রয়েছে। একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন হলে এ অঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে।’

মতবিনিময় সভায় চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদসহ সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।