
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ডাকসু নির্বাচন বানচাল, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বহিরাগতদের হামলা, নারীর প্রতি হেনস্তা ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘মিথ্যাচার’—এসব ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার বিকেলে শহরের সামাদ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে উত্তর তেমুহনী (আফনান চত্বরে) গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি মো. ফরিদ উদ্দিন, সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু, সাবেক শহর সভাপতি শাহরিয়ার রহমান খোকন, অর্থ সম্পাদক জুনায়েদ হোসেন, অফিস সম্পাদক ইসমাইল হোসেন ফয়সাল এবং আইন সম্পাদক সারোয়ার হোসেন।
বক্তারা বলেন, “ডাকসু নির্বাচন ছিল ছাত্রসমাজের প্রাণের দাবি। কিন্তু একটি দল তা বানচাল করতে বিভিন্ন পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। চবি, রাবি ও বাকৃবিতে ছাত্রদল ও বহিরাগতদের হামলা তারই অংশ। পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচার চালানো হচ্ছে।”
মো. ফরিদ উদ্দিন বলেন, “বর্তমানে একটি ছাত্রসংগঠন মিথ্যাচার ও দায় চাপানোর রাজনীতি করছে। আমরা তাদের গঠনমূলক ও ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাই।”
