
মো: ওমর ফারুক : লক্ষ্মীপুরের রায়পুরে বণিক সমিতির বহুল আলোচিত নির্বাচন আগামী ৫ জুলাই শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি উচ্চ আদালতে দায়েরকৃত রিট খারিজ হওয়ায় নির্বাচনের পথে আর কোনো আইনি বাধা নেই বলে জানা গেছে।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন ইব্রাহিম খান, যিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে ইতিমধ্যে ১৩ টি ইসতিহার ঘোষণা করেন।
চেয়ার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম মুরাদ , যিনি দায়িত্বে আসার প্রত্যাশা করছেন পূর্বের অভিজ্ঞতা ও কার্যক্রমের ভিত্তিতে। দিয়েছেন নানান প্রতিশ্রুতি।
অন্যদিকে, হরিণ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন ব্যবসায়ী নেতা ছাব্বির আহমেদ মিয়াজী, যিনি নতুন নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী আমেজ স্পষ্ট। ইতিমধ্যে বিভিন্ন মার্কার প্রার্থীরা ব্যানার, লিফলেট ও গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান দৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রায়পুর নতুন বাজারসহ পুরো উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
ব্যবসায়ীরা আশা করছেন, একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যারা বিজয়ী হবেন, তারা ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
