নাটোরে শিশু আবীর হত্যার রহস্য উদঘাটন: আটক ৫ম শ্রেণির শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

রতন আলী, নিজস্ব প্রতিবেদক নাটোর : নাটোরের বড়াইগ্রামে নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন আবীর হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবীরেরই এক প্রতিবেশী শিশুকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দুপুরে বড়াইগ্রাম থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়।

তিনি জানান, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে ও স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবীর বাইসাইকেল ও মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর রাত ৯টার দিকে তাদের বাড়ি থেকে অল্প দূরত্বে একটি নির্মাণাধীন মসলা ফ্যাক্টরির মাঠে তার রক্তমাখা বাইসাইকেল ও মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, ঘটনার পরপরই তারা তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আবীরের প্রতিবেশী ৫ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে শনাক্ত করে আটক করে।

জিজ্ঞাসাবাদে আটককৃত শিশু জানায়, মোবাইল ফোনে গেম খেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তখন সে পাশেই থাকা একটি ইট দিয়ে আবীরের মাথা ও মুখে আঘাত করলে ঘটনাস্থলেই আবীরের মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, আটক শিশুটিকে আদালতে হাজির করা হবে এবং বয়স বিবেচনায় তার বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।