নদীতে মাছধরা নৌকাসহ ২৭ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেন নৌ পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ একটি নৌকা ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়। 

পরবর্তীতে জালগুলোকে আগুনে পুড়িয়ে ফেলা হয় ও  নৌকাটিকে নদীতে ডুবিয়ে দেয় নৌ-পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দকৃত ইলিশ গরীব-দুঃখী ও এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়। 

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির মো. সামসুদ্দোহা সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীতে পরিচালনা করেন। এসময় বিভিন্ন এলাকায় পাতানো অবস্থায় ৭ টি অবৈধ কারেন্ট জাল, একটি নৌকা ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়।

জব্দকৃত কারেন্ট জালের দৈর্ঘ ২৭ হাজার মিটার। জালগুলোর ক্ষেত্রফল ১ লাখ ৩৫ হাজার মিটার। যার আনুমানিক মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা। জব্দকৃত ইলিশের মূল্য প্রায় ১০ হাজার টাকা। 

এছাড়াও জব্দকৃত মালিকবিহীন নৌকাটি নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেক ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সকল ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

নিষেধাজ্ঞাকালীন মাছ শিকারে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের জেল, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। 

এ নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।