
চাদঁপুর জেলা প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউপিতে ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া ভিজিএফের ২০ বস্তা চাল পাচারের সময় জব্দ করেন। গতকাল বুধবার সন্ধ্যায় কচুয়া উত্তর ইউপির উজানী সিকদারবাড়ির সামনের রাস্তায় স্থানীয় লোকজন সিএনজিচালিত অটোতে খাদ্য অধিদপ্তরের সরকারি সিলমোহর দেওয়া চাল জআটক করেন।
পরবর্তীতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাছেম বিল্যাহ্কে জানান। ইউএনও মোতাছেম বিল্যাহ্ ও সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন ঘটনাস্থলে এসে ২০ বস্তায় মোট ৬০০ কেজি চাল আটক করে।
ইউএনও মহোদয় জানান, ঈদ উপলক্ষে জনপ্রতি ১০ কেজি করে চাল বিনা মূল্যে হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে ২০ বস্তায় ৬০০ কেজি চাল পাচারকালে জব্দ করা হয়। ওই ইউপি চেয়ারম্যান জনাব এম আখতার হোসাইন ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে কচুয়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান জনাব এম আখতার হোসাইন জানান, ‘চাল বিতরণ শেষে উদ্বৃত্ত চাল মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য পাঠানো হয়ে থাকে।’
পরবর্তীতে জানা যায় যে, কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান জনাব এম আখতার হোসাইন ঈদুল ফিতর উপলক্ষে গত সোমবার ৩ হাজার ৬৮৫ জনের জন্য ১০ টাকা কেজি দরে চাল উত্তোলন করে। অভিযোগ থাকে, তালিকা অনুযায়ী চাল বিতরণ না করে তিনি বিভিন্ন রাস্তায় পাচার করে থাকেন। তার মধ্যে উজানী রাস্তায় ২০ বস্তা চাল পাচারকাল আটক করা হয়।
