
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত বন বিভাগের পাহারা দলের তিন কর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে। টেকনাফের গহীন পাহাড়ে টানা তিন দিন অভিযান শেষে সোমবার (৪ আগস্ট) দুপুরের দিকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো রফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, টেকনাফে অপহৃত তিন বনপ্রহরীকে কিছুক্ষণ আগে উদ্ধার করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বলেন, দুপুর আড়াইটার দিকে তাদের খোঁজ পাওয়া যায়। এখন তাদের পাহাড় থেকে নামিয়ে আনা হচ্ছে।
জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, তিন বনপ্রহরীকে উদ্ধার করা হয়েছে। এখনও পাহাড়ে পুলিশ অভিযানে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
উদ্ধার হওয়া বনপ্রহরীরা হলেন- হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের, একই এলাকার বকসু মিয়ার ছেলে আবদুর রহমান ও আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম।
গত শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেওয়ার সময় তারা নিখোঁজ হয়েছিলেন বলে জানান টেকনাফের হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী।
পরদিন শনিবার সকালে বনপ্রহরীদের প্রত্যকের পরিবারের কাছে ফোন করে তারা জিম্মি রয়েছেন দাবি করে ২০ লাখ করে ৬০ লাখ টাকা মুক্তিপণ চায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা। এরই মধ্যে চলতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী, বনপ্রহরী ও স্থানীয়দের উদ্ধার তৎপরতা। তিন দিনের অভিযান শেষে উদ্ধার হলেন তারা।
