
দ্রব্যমূল্য নিয়ে ক্রেতা–ব্যবসায়ীদের সঙ্গে কথা
নিজস্ব প্রতিবেদক : ঢাকার মিরপুর-১ এলাকার শাহ আলী কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার ভোর ছয়টার দিকে তিনি বাজারে যান। এ সময় নিত্যপণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি ও ক্রেতাদের ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন তিনি।
বাজার পরিদর্শনের সময় ডা. শফিকুর রহমান বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। কয়েকজন ক্রেতা তাঁকে সবজি, মাছ ও মসলাজাতীয় পণ্যের বাড়তি দামের বিষয়ে অভিযোগ জানান। ব্যবসায়ীরা বলেন, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে।
জামায়াত আমীর বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে বাজার তদারকি জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমানসহ দলটির নেতা-কর্মীরা।
ভোরবেলায় বাজারে জামায়াত আমীরের উপস্থিতিকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা যায়। এ সময় বাজারের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ভিড়ও লক্ষ্য করা যায়।
