৩ নম্বর সতর্ক সংকেত: সমুদ্রে না যাওয়ার নির্দেশ কোস্ট গার্ডের

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক |  বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় অঞ্চলের জেলে ও নৌযান মালিকদের সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়ায় এই নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এতে বলা হয়, বৈরী আবহাওয়ায় বর্তমানে সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বলা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে বলেন, ‘আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা বা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে কোনো নৌযানকে যেতে নিষেধ করা হয়েছে। যারা বর্তমানে সমুদ্রে আছেন, তাদের দ্রুত উপকূলে নিরাপদ আশ্রয়ে ফিরে আসার জন্য বলা হয়েছে।’

কোস্ট গার্ড সূত্র জানায়, উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা ও উদ্ধার কার্যক্রমে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। দক্ষিণ জোনের সব ইউনিট পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

যে কোনো জরুরি প্রয়োজনে বা সমুদ্রে দুর্ঘটনার খবর জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।