
লক্ষ্মীপুর প্রতিনিধি
: লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের এক নেতা ও তাঁর সহযোগী প্রায় ২০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁরা দলে যোগ দেন।
নবযোগদানকারীদের মধ্যে রয়েছেন উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রব। বিএনপির উত্তর চরবংশী ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজ ফুলের মালা দিয়ে তাঁদের বরণ করে নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে নিষ্ক্রিয়তা, দলীয় কোন্দল ও নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ায় তাঁরা হতাশ ছিলেন। এসব কারণে বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে তাঁরা দলটিতে যোগ দেন।
এ বিষয়ে আবদুর রব বলেন, “স্থানীয় আওয়ামী লীগের কর্মকাণ্ডে আমি দীর্ঘদিন অসন্তুষ্ট ছিলাম। প্রতিবাদ করায় আমাকে বিভিন্ন সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে ২০ জন কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি। আমাকে কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে দলে আনা হয়নি।”
তিনি আরও বলেন, “উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজের হাত ধরে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই।”উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ বলেন, “আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুর রবসহ ২০ জন কর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন। তাঁদের রাজনৈতিক অভিজ্ঞতা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করবে।”
