হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬: নিবন্ধন ২ মে রাত ১২টার মধ্যে শেষ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

ঢাকা প্রতিনিধি : জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC) ঘিরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন ও সংশ্লিষ্ট কার্যক্রম শনিবার (২ মে) রাত ১২টার মধ্যে শেষ করতে বলা হয়েছে।

আগামী ১৬ মে দেশব্যাপী আঞ্চলিক পর্যায়ের প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাউশির পক্ষ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে প্রচারণা চালাতে হবে এবং নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

মাউশি জানিয়েছে, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও প্রোগ্রামিংয়ে আগ্রহী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।