
৩৬ কেন্দ্রে অংশ নিচ্ছেন ২২ হাজারের বেশি পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, ফেনী : সারাদেশের মতো ফেনীতেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে জেলার ৩৬টি কেন্দ্রে ১৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় এসএসসিতে ৯৮ জন, দাখিলে ৯৪ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জেলা প্রশাসন জানিয়েছে।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, চলতি বছর ফেনীতে এসএসসি, দাখিল ও কারিগরি মিলিয়ে মোট ২২ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। এর মধ্যে এসএসসিতে ১৪ হাজার ৯৪৩ জন, দাখিলে ৫ হাজার ৯৭৭ জন এবং কারিগরিতে (ভোকেশনাল) ১ হাজার ১৬৯ জন।
প্রথম দিনে এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১২ হাজার ১০৯ জনের। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১২ হাজার ১১ জন। অনুপস্থিত ছিল ৯৮ জন।
অন্যদিকে দাখিলের কুরআন মাজিদ ও তাজভীদ বিষয়ে অংশ নেওয়ার কথা ছিল ৫ হাজার ৯৩ জনের। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৯৯৯ জন এবং অনুপস্থিত থাকে ৯৪ জন।
এ ছাড়া এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১ হাজার ৪৯ জনের। এর মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৪২ জন এবং অনুপস্থিত ছিল ৭ জন।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাতিমা সুলতানা বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে ১৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, মোট পরীক্ষার্থীর মধ্যে অনেকেই অনিয়মিত, যাদের বাংলা বিষয় নেই। এ কারণে মোট পরীক্ষার্থীর সংখ্যা ও পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যার মধ্যে কিছু পার্থক্য দেখা গেছে।
