সেবায় দুর্নীতির অভিযোগ: চিতলমারীতে ভূমি কর্মকর্তা ওয়াহাব আলীর অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ওয়াহাব আলী শেখের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তাঁর হয়রানি থেকে বাঁচতে এবং দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ভূমির মালিকেরা।

এ ঘটনায় উপজেলার কলাতলা ও হিজলা ইউনিয়নের ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে ভূমিমন্ত্রী, ভূমি সচিব এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর পৃথক লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মো. ওয়াহাব আলী শেখ দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করার সুবাদে স্থানীয়ভাবে একটি প্রভাবশালী বলয় গড়ে তুলেছেন। ভূমি উন্নয়ন কর, নামজারি (মিউটেশন), খারিজ ও মালিকানা পরিবর্তনসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তি ও হয়রানির মুখোমুখি হতে হচ্ছে।

ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, অনেক ক্ষেত্রে সেবাগ্রহীতাদের বিভিন্ন অজুহাতে অপ্রয়োজনীয়ভাবে ঘোরানো হয় এবং কাজ বিলম্বিত করা হয়। অভিযোগে আরও বলা হয়, সামান্য ত্রুটি পেলেই “রিপোর্ট খারাপ করে দেব”, “কাগজে সমস্যা আছে” ইত্যাদি বলে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও কাজ আটকে রেখে আর্থিক সুবিধা নেওয়ার প্রবণতা রয়েছে তাঁর। তাঁর ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।

লিখিত আবেদনে এলাকাবাসী বলেন, “দীর্ঘদিন একই এলাকায় কর্মরত থাকার সুযোগে তিনি আত্মীয়-স্বজনের নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ের রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার বিষয়টি উল্লেখ করে আমরা মো. ওয়াহাব আলী শেখের সম্পদের উৎস, পরিমাণ ও বৈধতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি জানাচ্ছি।”

জনগণের স্বার্থে এবং ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত তদন্তের মাধ্যমে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং একই সঙ্গে কলাতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ওয়াহাব আলী শেখকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ভূমি কর্মকর্তা মো. ওয়াহাব আলী শেখের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়। আমি ভূমি অফিসে কোনো ধরনের অবৈধ বা নিয়মবহির্ভূত কাজ করি না।”