
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা: মোংলার সুন্দরবনের শরকির খাল সংলগ্ন বনের অভ্যন্তরে চোরাশিকারীদের রাখা হরিণ ফাঁদে আটকা পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। রবিবার সকালে বনবিভাগ বিশেষজ্ঞদের নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করবে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, বাঘটি খালপাড় থেকে আধা কিলোমিটার বনের ভিতরে ফাঁদে আটকা রয়েছে। শনিবার বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকা সুরক্ষিত করেন এবং মানুষকে তেমন এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।
বাঘটিকে ট্যাংকুলাইজার ব্যবহার করে অচেতন করা হবে, এরপর ফাঁদ থেকে মুক্ত করা হবে। যদি বাঘটি অন্য কোনো আঘাতে আহত থাকে, তবে তা উদ্ধার করে খুলনা বা ঢাকার রেসকিউ সেন্টারে নেওয়া হবে।
প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী জানান, বাঘটির শারীরিক ক্ষতি রোধে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্ত করে যারা এ ফাঁদ তৈরি করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
বনবিভাগ আশা করছে, বাঘটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে।
