
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত সুনামগঞ্জের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে তাঁদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়।
চিঠি অনুযায়ী, মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হক আফিন্দী এবং তাহেরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কাশেম—দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত ছিলেন।
তাঁদের দাখিল করা পুনর্বিবেচনা আবেদন পর্যালোচনার পর কেন্দ্রীয় নেতৃত্ব বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ২০ নভেম্বর কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা পত্রে জানানো হয়, তাঁদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে দলীয় নীতি–আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করতে পুনর্বহালপ্রাপ্ত নেতাদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করছে বিএনপি। রিজভীর স্বাক্ষরিত চিঠির অনুলিপি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট ও সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতাদের কাছে পাঠানো হয়েছে।
পুনর্বহাল সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আব্দুল আউয়াল মিছবাহ বলেন, ‘দলের প্রতি আমার আস্থা, বিশ্বাস ও কমিটমেন্ট সব সময় ছিল। আমাকে পুনর্বহাল করায় কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। দল, দেশ ও মানুষের কল্যাণে আরও শক্তি নিয়ে কাজ করতে চাই।’
মো. আবুল কাশেম বলেন, ‘দল আমাকে যে সম্মান দিয়েছে, তা আমি মূল্যায়ন করি। পুনর্বহালের মাধ্যমে যে আস্থা দেখানো হয়েছে, সেটির প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থাকব। দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই।’
