সীতাকুণ্ডে বাস উল্টে নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আশেক বলেন, দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই সাতজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। বাকি আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।