সাতক্ষীরা-৪: বাবা ও ছেলের মনোনয়ন দুটিই বাতিল 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

  সিরাজুল ইসলাম, সাতক্ষীরা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাবা-ছেলের মনোনয়নপত্র বাতিল হয়ে আলোচনার জন্ম দিয়েছে। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ.এম. গোলাম রেজা এবং তার ছেলে জাতীয় পার্টির প্রার্থী হোসেইন মুহাম্মদ মায়াজ মনোনয়নপত্র জমা দেন। তবে যাচাই-বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, এইচ.এম. গোলাম রেজার মনোনয়নপত্র বাতিল হয়েছে ঋণ খেলাপির কারণে, হোসেইন মুহাম্মদ মায়াজের মনোনয়নপত্র বাতিল হয়েছে দলীয় অনুমোদনের জটিলতার কারণে, কারণ জাতীয় পার্টির মহাসচিবের স্বাক্ষরযুক্ত অনুমোদনপত্র সরবরাহ করা হয়নি। এ আসনে আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে— স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল ওয়াহেদ: হলফনামায় তথ্যের ১ শতাংশ অসঙ্গতি, জাতীয় পার্টির আব্দুর রশীদ: আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বকেয়া। সাতক্ষীরার চারটি আসনে মোট ২৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে ১৯টি বৈধ ও ১০টি বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৫–৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।