সাতক্ষীরা-১: আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন জমা দিতে গিয়ে কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

সিরাজুল ইসলাম | সাতক্ষীরা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিবের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তার এক কর্মী মাগফুরকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার কলারোয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাকে আটক করা হয়। মাগফুর সরদার মুজিবের প্রস্তাবক হিসেবে উপস্থিত ছিলেন। পরে অপর একজন ব্যক্তি সরদার মুজিবের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

সরদার মুজিব জানান, তার পক্ষে মনোনয়নপত্র যথাযথভাবে জমা দেওয়া হয়েছে এবং গ্রেপ্তারকৃত মাগফুরের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, মাগফুরের বিরুদ্ধে একটি নাশকতা মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, মনোনয়নপত্র জমা হয়েছে, তবে কার মাধ্যমে তা জমা দেওয়া হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।