সাতক্ষীরার নিহত জেলের পরিবারকে তারেক রহমানের ৫ লাখ টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নিহত জেলে আমিনুর ইসলামের পরিবারের হাতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) খুলনা সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতের পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এই অর্থ হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাবুরার নিহত জেলে আমিনুর ইসলামের পরিবারের আর্থিক দুর্দশার বিষয়টি ডা. এম মনিরুজ্জামানের মাধ্যমে সংশ্লিষ্ট মহলের নজরে আসে। এরপর মানবিক দিক বিবেচনা করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটির জন্য ৫ লাখ টাকার এই আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের জেলে পরিবারগুলো নানা প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করে। এমন সংকটময় সময়ে নিহত জেলের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান একটি মানবিক উদ্যোগ। ভবিষ্যতে অসহায় ও দুর্গত মানুষের পাশে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

আর্থিক সহায়তা পেয়ে নিহত আমিনুর ইসলামের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সবার জন্য দোয়া চেয়েছেন।