সাতক্ষীরায় ১৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ হবে, ব্যয় ১৪০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

সাতক্ষীরা প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাতক্ষীরা জেলায় ১৪টি নতুন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব আশ্রয়কেন্দ্রের সঙ্গে প্রায় ২১ কিলোমিটার সংযোগ সড়কও নির্মাণ করা হবে। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি ১ লাখ ৫৯ হাজার টাকা।

মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা জেলায় ১৪টি নতুন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ২০ দশমিক ৮৭২ কিলোমিটার দৈর্ঘ্যের ১০টি সংযোগ সড়কের পূর্ত কাজের প্রস্তাব উপদেষ্টা পরিষদ কমিটির কাছে উপস্থাপন করে। প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।

এই কাজগুলো বাস্তবায়ন করা হবে ‘ক্লাইমেট রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট’-এর আওতায়। এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়। সবগুলো দরপত্রই আর্থিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য বিবেচিত হয়।

দরপত্র প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেডকে ১৪০ কোটি ১ লাখ ৫৯ হাজার ৯৭ টাকায় কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকল্পটি একনেক থেকে অনুমোদন পায় ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি। এর মেয়াদ ধরা হয়েছে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।