
সিরাজুল ইসলাম : সাতক্ষীরায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে এ বি খান ফিলিং স্টেশন-কে ২০ হাজার টাকা এবং লস্কর ফিলিং স্টেশন-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার বেলা সাড়ে ১১টা ও দুপুর ১২টার দিকে পৃথক অভিযানে এই জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের নতুন মূল্য ঘোষণার পর জেলায় মজুত থাকা পুরোনো দামের জ্বালানি তেল আগের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা আখতার সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে স্পষ্ট নির্দেশনা দেন। পাশাপাশি ডিপো থেকে নতুন তেল সংগ্রহের পর তা নতুন নির্ধারিত দামে বিক্রির কথা বলা হয়।
তবে অভিযোগ রয়েছে, রোববার সকাল থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে নতুন বাড়তি দামে তেল বিক্রি শুরু হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তারা বাধা দিলে কিছু সময়ের জন্য তেল বিক্রি বন্ধ রাখেন স্টেশন মালিকরা। পরে আবারও নতুন দামে বিক্রি শুরু করলে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
অভিযানের শুরুতেই শহরের দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহেদ হোসেন বলেন, মজুতকৃত তেল বেশি দামে বিক্রির অভিযোগে এসব জরিমানা করা হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের দৈনিক জ্বালানি প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত জেলার ২৯টি ফিলিং স্টেশনে ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল এবং ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুত ছিল।
উল্লেখ্য, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন দরে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
