
দেবহাটা (সাতক্ষীরা) | নিজস্ব প্রতিবেদক : সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সামগ্রিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সংগঠিত করে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন করে একটি আত্মনির্ভরশীল সমাজ গঠন করা সম্ভব।
সোমবার (১৩ জুলাই) বিকেলে সাতক্ষীরার দেবহাটা উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ‘সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প’-এর আওতায় পারুলিয়া মডেল গ্রাম সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক আরও বলেন, ‘আধুনিক কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, সঞ্চয় ও বিনিয়োগের সংস্কৃতি এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে প্রতিটি গ্রামকে মডেল গ্রামে পরিণত করতে সমবায়ের কোনো বিকল্প নেই। সরকার এই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
অনুষ্ঠানে ৩শ পরিবারের মাঝে দেড় কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা আশিকুর রহমান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকার।
প্রসঙ্গত, দেশের ১২টি উপজেলার ১২টি গ্রাম নিয়ে ‘সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প’ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
