
নিজস্ব প্রতিবেদক :
“শেরে বাংলা পীস এওয়ার্ড -২০২২” পেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠন নন্দন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রাজু আহমেদ।
গত শুক্রবার ( ৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫টা হোটেল সোনারগাঁও ইন্টারন্যাশনাল এর পদ্মা হলে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে শেরে বাংলার ১৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা ইকবাল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আর.এ.এম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হক,কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন । পরিবারের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এবং ফাইয়াজুল হক রাজু, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস,আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড.আব্দুল্লাহেল বাকী, সাংস্কৃতিক অঙ্গন থেকে প্রতিক্রীয়া জানিয়েছেন, লালন কন্যা ফরিদা পারভীন, দেশবরেণ্য কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা, ডলি জুহুর, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সৈয়দ আব্দুল হাদী,তানজীম তিশা,ভারতের মোসারফ মোল্যাসহ সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ।
এই সময় শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ব্যক্তি বর্গ তার জীবনী নিয়ে আলোচনা ব্যক্ত করেন। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা থেকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠন নন্দন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রাজু আহমেদ কে ” প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সামাজিক কাজে অবদানের জন্য সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে এপার বাংলা ওপার বাংলা শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
