শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশাচালককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ ঘন্টা আগে

গিয়াস রনি : নোয়াখালীর চাটখিল পৌরসভায় চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আবু বকর সিদ্দিক ওরফে সুমন (৪৩) নামের এক অটোরিকশাচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সুমনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া এলাকার কংসি বাড়িতে। তিনি পেশায় অটোরিকশাচালক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির ঘটনা ঘটে। পুরো বিষয়টি আশপাশের একটি সিসিটিভি ক্যামেরার ধরা পড়ে। পরে সেই ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্ত অটোরিকশাচালককে চিহ্নিত করেন। সোমবার দুপুরে সুমন পুনরায় ওই এলাকায় গেলে স্থানীয় লোকজন তাকে ঘিরে ধরে মারধর করেন।

খবর পেয়ে চাটখিল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে অভিযুক্তকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।