
প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৯টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকালে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এসব মোবাইল ফোন জব্দ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কিরণগঞ্জ বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ১৭৮/২–এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ২৯টি ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
