
‘শহীদদের আত্মত্যাগই নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রেরণা’
আলামীন, রংপুর : জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর কবরে জিয়ারত, দোয়া ও অসহায়-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। রংপুরের পীরগঞ্জ উপজেলায় শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে আয়োজিত এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবরে জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর শহীদ আবু সাঈদের বাবার মাধ্যমে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদদের স্মরণ কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং তাঁদের আদর্শ ও আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।
রংপুর মহানগর এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, “শহীদ আবু সাঈদ কেবল একটি নাম নন, তিনি অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন প্রতিরোধের প্রতীক। তাঁর আত্মত্যাগ জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় এবি পার্টি অবিচল।”
এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর) আবু বক্কর সিদ্দিক বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ছিল জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা জাতীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করে যাব।”
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মহানগর এবি পার্টির যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, সদস্য সচিব মাহবুবুর রহমান, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম জুয়েল, পীরগঞ্জ উপজেলা সদস্য সচিব শাহীন মিয়া, কুড়িগ্রাম পৌরসভার আহ্বায়ক রেজাউল করিম, রুবেলসহ মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনকল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
