
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মো. আবুল হাসেমকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে তাকে এই শুভেচ্ছা জানান।
রবিবার (৭ জুন) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় সভায় শিক্ষক-কর্মচারী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন সভাপতিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— লক্ষ্মীপুর পৌর ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশ, বিএনপি নেতা তারেক এবং মো. আলমগীর হোসেনসহ আরও অনেকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয় অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মো. আবুল হাসেম সোনালী ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা। পেশাগত জীবনের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় এবং পূর্বে জেলা যুবদল ও শ্রমিকদলের সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন থাইল্যান্ডে প্রবাস জীবন কাটানোর পর বর্তমানে তিনি আবারও বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রবীণ ও অভিজ্ঞ এই রাজনীতিবিদকে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির দায়িত্ব দেওয়ায় শিক্ষক সমাজ, স্থানীয় বিএনপি এবং সংশ্লিষ্ট সবার মাঝে স্বস্তি ও আনন্দের আমেজ বিরাজ করছে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।
