
খেলা ডেস্ক : ফুটবলের জন্য বিশ্বজুড়ে পরিচিত ব্রাজিল এবার ক্রিকেটেও নজির গড়ল। দেশটির নারী ক্রিকেটার লরা কারদোসো গড়েছেন এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড—টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে ৯ উইকেট নেওয়ার কীর্তি, যা আন্তর্জাতিক ক্রিকেটের পুরুষ ও নারী—দুই সংস্করণ মিলিয়েই প্রথম।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। ৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় ৯ উইকেট শিকার করেন কারদোসো।
ম্যাচে আগে ব্যাট করে ব্রাজিল ২০২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে লেসোথো কারদোসোর তোপে ৬.২ ওভারে মাত্র ১৩ রানেই অলআউট হয়ে যায়। ফলে ১৮৯ রানের বড় ব্যবধানে জয় পায় ব্রাজিল নারী দল।
লরা কারদোসো তার স্পেল শুরু থেকেই বিধ্বংসী ছিলেন। দ্বিতীয় ওভারে তিনি হ্যাটট্রিক করেন, চতুর্থ ওভারে নেন আরও চারটি উইকেট এবং শেষদিকে আরও দুটি উইকেট তুলে নিয়ে ৯ উইকেটের বিরল মাইলফলক স্পর্শ করেন।
টুর্নামেন্টে ব্রাজিল ছাড়াও অংশ নিচ্ছে বতসোয়ানা, লেসোথো, মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিকের নারী দল।
