লক্ষ্মীপুর–৪ আসনে জেএসডি প্রার্থী তানিয়া রবের সম্পদ ১৪ কোটি টাকা, বার্ষিক আয় ৮২ লাখ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর–৪ (রামগতি ও কমলনগর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তাঁর বার্ষিক আয় ৮২ লাখ ৯২ হাজার ১১ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি ৮ লাখ ৯ হাজার ৮৮৭ টাকা।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া তাঁর নির্বাচনী হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

তানিয়া রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রবের সহধর্মিণী। তাঁরা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম গ্রামের মরহুম আলহাজ আলী আজমের বাড়ির বাসিন্দা।

হলফনামায় তানিয়া রব উল্লেখ করেছেন, তিনি পেশায় ব্যবসায়ী। তাঁর অস্থাবর সম্পত্তির মধ্যে ব্যাংকে জমা রয়েছে ২ লাখ ৪৮ হাজার ৯৬১ টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ রয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৩ হাজার টাকা।

বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তাঁর আমানত ও বিনিয়োগের পরিমাণ ৪৫ লাখ টাকা। তাঁর মালিকানায় দুটি গাড়ি রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ৬১ লাখ ৬৫ হাজার টাকা। এ ছাড়া স্বর্ণসহ মূল্যবান ধাতুর ৫০ ভরি গহনা এবং ১০ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। এসব অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৬ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৯৬১ টাকা।

স্থাবর সম্পত্তির মধ্যে তাঁর মালিকানায় রয়েছে ১ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৩৩ টাকা মূল্যের আবাসিক বা বাণিজ্যিক ভবন। বাড়িসহ অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে বছরে তাঁর ভাড়া আয় ১৪ লাখ ৭২ হাজার ২২৬ টাকা। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে তাঁর সুদ ও মুনাফা আয় ৬৮ লাখ ১৯ হাজার ৭৮৫ টাকা।

সব মিলিয়ে তানিয়া রবের বার্ষিক আয় ৮২ লাখ ৯২ হাজার ১১ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি ৮ লাখ ৯ হাজার ৮৮৭ টাকা। তিনি সবশেষ আয়কর হিসেবে ২৩ লাখ ২০ হাজার ৭০৮ টাকা পরিশোধ করেছেন।

হলফনামায় তাঁর স্বামী আ স ম আব্দুর রবের সম্পদ ও আয়ের বিবরণও উল্লেখ করা হয়েছে। তাতে দেখা যায়, আ স ম আব্দুর রবের বার্ষিক আয় ২৫ লাখ ৯৯ হাজার ৭৬০ টাকা এবং তাঁর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪০৩ টাকা।

আ স ম আব্দুর রবের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১৬ লাখ ৪২ হাজার ৭২৬ টাকা। বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ারে তাঁর বিনিয়োগ ১ কোটি টাকা। এ ছাড়া ৩০ লাখ টাকার স্থায়ী আমানত রয়েছে। তাঁর মালিকানায় ১০ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। উত্তরাধিকারসূত্রে তিনি পেয়েছেন ৫৪ লাখ ৫৪ হাজার ৭৭ টাকা।

হলফনামা অনুযায়ী, এসব সম্পদের অর্জনকালীন মূল্য ২ কোটি ১১ লাখ ২৬ হাজার ৮০৩ টাকা। তিনি সর্বশেষ আয়কর হিসেবে ৩ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা পরিশোধ করেছেন।