
নাজমুল হোসেন : আধুনিক, দক্ষ ও স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত ভবনটির ফলক উন্মোচন করেন তিনি।
উদ্বোধন শেষে মন্ত্রী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী, মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি। আধুনিক বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে দক্ষ ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এই নতুন ভবন শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করবে, যা তাদের মেধা বিকাশে সহায়ক হবে।’
এলাকার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণা করা হয়েছে, যা এই অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করবে। এছাড়া নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়িত হবে বলে আশা করছি। এতে লক্ষ্মীপুরবাসী যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন দেখবেন। পাশাপাশি জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগের ফলে এখানকার শিক্ষার্থীরা নিজ জেলাতেই চিকিৎসাশাস্ত্র পড়ার সুযোগ পাবেন।’
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের অভিভাবক ও শিক্ষার্থীরা।
