রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসছে সরকার: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণের দেওয়া রায়কে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শহীদ বিজয় চত্বরে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার গঠনের পর সেই সংস্কার কার্যক্রম থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। জুলাইয়ে যারা রাজপথে রক্ত দিয়েছিল, তাদের সঙ্গে এটি চরম প্রতারণা।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন না করে ৭০ শতাংশ মানুষের রায়ের বিপক্ষে গিয়ে রাষ্ট্র পরিচালনা করলে তা দীর্ঘমেয়াদে সম্ভব হবে না।’

জনগণের প্রত্যাশা অনুযায়ী এনসিপি তাদের রাষ্ট্র সংস্কারের রাজনীতি চালিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানেরও আহ্বান জানান তিনি।

এর আগে রায়পুর বাজারে এনসিপির উদ্যোগে আয়োজিত একটি পথসভায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ। পরে সেখান থেকে একটি বিশাল ‘জুলাই পদযাত্রা’ বের হয়ে শহীদ বিজয় চত্বরে এসে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় নেতা মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ।

পদযাত্রা ও সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।