লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা সাহাব উদ্দিন সাবু

নিজস্ব প্রতিবেদক: Farzana Akter Bristy
প্রকাশ: ৪ মাস আগে

 

লক্ষ্মীপুর প্রতিনিধি : সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাহাব উদ্দিন সাবুকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।

সাহাব উদ্দিন সাবু লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্যসচিব এবং লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র। তিনি পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা।

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত ‘জাগো দল’-এর মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। পরে তিনি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর মহকুমা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

নিয়োগ পাওয়ার পর সাহাব উদ্দিন সাবু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, ‘সাহাব উদ্দিন সাবু দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন। নানা সময় রাজনৈতিক কারণে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। তবুও তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে নেতাকর্মীদের পাশে ছিলেন।’

তিনি আরও বলেন, অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনাও রয়েছে সাবুর। ২০১৩ সালের ১২ ডিসেম্বর র‍্যাব তাঁর বাসায় অভিযান চালায় বলেও দাবি করেন তিনি।