লক্ষ্মীপুরে ৬০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর শহরে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ মোহন সরকার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার সন্ধ্যা সাতটার দিকে শহরের জালালিয়া মাদ্রাসার সামনে থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া মোহন সরকার সদর উপজেলার বাঞ্চানগর এলাকার মৃত রফিক পাটোয়ারীর ছেলে।

পুলিশ জানায়, সদর থানার শহর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সজল দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে মোহনকে আটক করা হয়। 

এ সময় তাঁর কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এএসআই সজল দাশ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

পুলিশ সূত্র জানায়, মোহন সরকারের বিরুদ্ধে এর আগেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘লক্ষ্মীপুর জেলা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান, চেকপোস্ট ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।’

তিনি আরও জানান, গত এক বছরে জেলা পুলিশ ৫৫ গ্রাম ক্রিস্টাল মেথ, ২৩ হাজার ৬৭৫ পিস ইয়াবা, ৪৯ কেজি ৫২০ গ্রাম গাঁজা, একটি গাঁজার গাছ, ৫০ মিলিলিটার বিদেশি মদ ও ২৩ লিটার দেশি মদ উদ্ধার করেছে। এসব ঘটনায় ২৭০টি মামলায় ৩৫৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আপনারা আমাদের তথ্য দিন—আপনাদের সহযোগিতায় আরও কার্যকর অভিযান পরিচালনা করা হবে।’