
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শুক্রবার রাতে একটি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার আজাদের ছেলে শাহাদাৎ হোসেন (১৭)–এর সঙ্গে দালাল বাজার নন্দনপুর এলাকার তাসফিয়া আক্তার রিমি (১৩)–এর বিয়ে সম্পন্ন হয়।
পরিবারের পক্ষ থেকে গোপনে এ বিয়ের আয়োজন করা হয় বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
তবে বিয়ের খবর স্থানীয় প্রশাসনের নজরে আসেনি বলে জানা গেছে।
বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, ছেলের বয়স ২১ বছর এবং মেয়ের বয়স ১৮ বছরের নিচে হলে সেই বিয়ে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।
এ বিষয়ে চর রুহিতা ইউনিয়ন পরিষদের সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি গ্রাম পুলিশ পাঠান। পরবর্তীতে গ্রাম পুলিশ জানতে পারে তাদের বিয়ে হয়েছে গোপনে।
স্থানীয় সমাজকর্মীরা বলছেন, দরিদ্রতা, সামাজিক চাপ ও অজ্ঞতার কারণে এলাকায় এখনো বাল্যবিবাহের ঘটনা ঘটছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
