
নাজমুল হোসেন : পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ পণ্য সুলভ মূল্যে বিক্রি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজারদরের চেয়ে কম দামে গরুর মাংস, ড্রেসড ব্রয়লার মুরগি, গরুর দুধ ও মুরগির ডিম বিক্রি করা হয়। কর্মসূচিতে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৪৫ টাকা, গরুর দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং মুরগির ডিম প্রতি পিস ৮ টাকায় বিক্রি করা হয়।
সকালে বিক্রি কার্যক্রম শুরু হওয়ার আগেই জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যায়। পুরুষ ও নারী ক্রেতারা আলাদা লাইনে দাঁড়িয়ে সুলভ মূল্যে এসব পণ্য সংগ্রহ করেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ স্বস্তি প্রকাশ করেন।
অনেক ক্রেতা বলেন, রমজান মাসে বাজারে মাংস, দুধ ও ডিমের দাম তুলনামূলক বেশি থাকে। এ সময় সরকারি উদ্যোগে কম দামে এসব পণ্য পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।
কর্মসূচির আয়োজন করে লক্ষ্মীপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম ফজলুল হক এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আক্তারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম ফজলুল হক বলেন, রমজান মাসে সাধারণ মানুষের জন্য প্রাণিজ পণ্য সহজলভ্য ও সাশ্রয়ী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
