
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার ১০ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম সালমা (১৩)। সে ওই এলাকার মৈশাল বাড়ির মনোয়ার হোসেনের বড় মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে সালমাকে নিজ ঘরে অচেতন অবস্থায় দেখতে পান তাঁরা। পরে দ্রুত তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদা আক্তার মিতু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সালমার আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
