
মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে আর্থিক জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার ৫ জুন বিকেলে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় অবৈধভাবে চালানো ও লাইসেন্স না থাকায় উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা ও মেডিট্রস্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা ও ওই দুটি ডায়াগনস্টিক সেন্টারকেই সিলগালা করে ভ্রাম্যমান আদালত।
এসময় উপস্থিতি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ মেডিকেল অফিসার ডাঃ মামুন আহমেদ ভুইয়াসহ পুলিশ ও আনসার সদস্যরা।
জরিমানা ও সিলগালা বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা বলেন, উপজেলার স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই সরকারের বিধি বিধান মেনে বৈধ কাগজ পত্র নিয়ে পরিচালনা করতে হবে। ফরিদগঞ্জ কোন অবৈধ লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে চলতে দেয়া হবে না।
তিনি আরো বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
