
নাজমুল হোসেন : মৎস্য বিভাগীয় কার্যক্রমের অগ্রগতি, চলমান প্রকল্প বাস্তবায়ন ও মাঠপর্যায়ের চ্যালেঞ্জ নিয়ে লক্ষ্মীপুরে মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খামার ব্যবস্থাপক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তারা অংশ নেন। তাঁরা নিজ নিজ এলাকার চলমান কার্যক্রম, মাছের উৎপাদন বৃদ্ধি, পোনা অবমুক্তকরণ কর্মসূচি, খামার ব্যবস্থাপনা এবং সরকারি প্রণোদনা বিতরণের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি মাঠপর্যায়ে সম্মুখীন সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন।
তিনি বলেন, সরকারের নির্ধারিত লক্ষ্য অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আগামী মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ, নিয়মিত মনিটরিং জোরদার এবং জেলেদের সচেতনতা কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
