
রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে ভয়াবহ দুর্ঘটনা
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মোটর সাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার মধ্যবর্তী রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে হৃদয় হোসেন (২৫) এবং একই এলাকার মো. শফিকের ছেলে নাজমুল হাসান (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হৃদয় ও নাজমুল মোটরসাইকেলযোগে কাটাখালি থেকে রামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দু’জনই গুরুতর আহত হন। হৃদয় ঘটনাস্থলেই মারা যান। নাজমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ‘দুর্ঘটনায় একজন আহত ও একজন নিহত অবস্থায় আনা হয়। পরে আহত যুবক ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।’
রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশার চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
