কালভার্ট না থাকায় বিচ্ছিন্ন চর আফজাল, ভোগান্তিতে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আফজাল গ্রাম দীর্ঘদিন ধরে একটি কালভার্টের অভাবে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বাজারের মেইন সড়কের সঙ্গে সরাসরি সংযোগ না থাকায় গ্রামটির কয়েক হাজার বাসিন্দাকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামবাসীকে বাজার, ঘাট ও দৈনন্দিন প্রয়োজনীয় কাজে যেতে বিকল্প কাঁচা পথ বা ঝুঁকিপূর্ণ উপায়ে চলাচল করতে হয়। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত অত্যন্ত দুর্ভোগের হয়ে উঠেছে।

বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তখন পথঘাট ডুবে যাওয়ায় অনেক সময় যোগাযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে বলে জানান এলাকাবাসী।

গ্রামের বাসিন্দারা বলেন, একটি ছোট কালভার্ট নির্মাণ করা হলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এতে করে গ্রামের সঙ্গে মূল সড়কের সংযোগ স্থাপন হবে এবং মানুষের ভোগান্তি কমবে।

এলাকাবাসী দ্রুত একটি কালভার্ট নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন।