লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বন বিভাগের উদ্যোগ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে বন বিভাগ। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বন অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। 

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ। 

সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।

কর্মসূচির আয়োজন করে নোয়াখালী উপকূলীয় বন বিভাগ, সদর উপজেলা প্রশাসন এবং লক্ষ্মীপুর সদর নার্সারি রেঞ্জ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শিশুদের ছোটবেলা থেকেই গাছ লাগানোর গুরুত্ব বোঝাতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।’

এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ১১ হাজার ৫’শত চারা বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।