রংপুর বিআরটিএ’র উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

রংপুর প্রতিনিধি: ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস, ২০২৫ পালন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেলের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু জাফর বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। সড়ক দুর্ঘটনা কমাতে অবকাঠামোগত উন্নয়ন ও আইন প্রণয়ন সত্ত্বেও বিভিন্ন কারণে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। তিনি বলেন, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, বেপরোয়া গতি এবং পথচারীদের অসাবধানতাই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।

তিনি আরও বলেন, ধীর ও দ্রুতগামী যানবাহনের জন্য পৃথক লেন থাকলেও চালকদের অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা কমানোর জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আইন প্রণয়ন ও প্রয়োগের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, প্রতিদিন দেশে অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হচ্ছেন। উল্টো পথে গাড়ি চালানো, অযথা ওভারটেকিং, ওভারব্রিজ ব্যবহার না করা এবং ট্রাফিক আইন অমান্য করাই দুর্ঘটনার অন্যতম কারণ। তিনি বাইক চালকদের হেলমেট ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন এবং তাড়াহুড়ো না করার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিআইজি রংপুর রেঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন) বি এম আশরাফুল উল্যাহ তাহের, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর) মারুফ আহমেদ, রংপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন, জেলা পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক সমিতির প্রতিনিধিরা।

দিবসটি উপলক্ষে বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ শফিকুল আলম সরকার তথ্যচিত্র প্রদর্শন করেন। সভার শেষে মোটরবাইক চালকদের মধ্যে ১০০টি হেলমেট বিতরণ করা হয়।

এর আগে, জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হওয়া একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।