লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একসঙ্গে কাজ করছে প্রশাসন ও সেনাবাহিনী

নাজমুল হোসেন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর মধ্যে যে সমন্বয় প্রয়োজন, সেটিকে আরও দৃঢ় করতেই আজ এখানে এসেছি। আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা তা যথাযথভাবে পালন করছি।’

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আইন ও বিধি অনুযায়ী কাজ করলে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন সেনাবাহিনীর ৩৩ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাহিদুল ইসলাম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এবং জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।