পারিবারিক দ্বন্দ্ব থেকে প্রাণহানি, অভিযুক্তরা আটক
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাইদের বিরুদ্ধে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ ঘটনাটি নিশ্চিত করেন।
নিহত তোফায়েল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি (শুক্রবার) সকালে পারিবারিক বিষয় নিয়ে তোফায়েলের সঙ্গে তার ভাই তাহের, তাজল ও নজির এর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে একা পেয়ে তারা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় তার ওপর হামলা চালানো হয়। পরে তাকে আবার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের মধ্যে ৩ জনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান, অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”
নিহতের পরিবার অভিযোগ করেছেন, হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

